বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন ও আইইডিসহ বিস্ফোরক উদ্ধার, ঘুমধুমে দাহ্য রাসায়নিক জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় পৃথক অভিযানে দাহ্য রাসায়নিকও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির টারগোপাড়া বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ৪–৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে ব্যাগসহ চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫টি সম্ভাব্য অ্যান্টি-পার্সোনেল মাইন, ৫টি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), একটি মেটাল ডিটেক্টর, একটি সোলার প্যানেল, শুকনা খাবার, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও সিভিল পোশাক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিরাপত্তার স্বার্থে বালুর বস্তা দিয়ে ঘিরে লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট মোতায়েনের জন্য সমন্বয় করা হচ্ছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে কক্সবাজারের ঘুমধুম সীমান্তের বাইশফাঁড়ি এলাকায় আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় দাহ্য পদার্থ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি দাহ্য পাউডার, ৩ কেজি মেপোক্স, ৩ রোল নাইলন কাপড় এবং ৩ লিটার দাহ্য রাসায়নিক তরল।

বিজিবি জানিয়েছে, জব্দ করা রাসায়নিক পদার্থ পরীক্ষার জন্য চট্টগ্রামের বিভাগীয় পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নাশকতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

ক্যাটাগরি