শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ার সংরক্ষিত বনাঞ্চল থেকে জ্বালানি কাঠ সংগ্রহকালে ২৬ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে জ্বালানি কাঠ সংগ্রহের সময় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বন বিভাগ।

সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী কক্সবাজার দক্ষিণ বন বিভাগ-এর আওতাধীন উখিয়া রেঞ্জের উখিয়া সদর, দোছড়ি ও থাইংখালী বিট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সিআইসি)-এর মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটা ও জ্বালানি কাঠ সংগ্রহের প্রবণতা রয়েছে। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকাগুলোতে এ কার্যক্রম বেশি দেখা যায়, যা বনভূমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের ব্যবহার করে সংরক্ষিত বন থেকে কাঠ কেটে পাচার করছে। এসব কাঠ বিক্রি করে তারা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। তবে সম্প্রতি নজরদারি জোরদার করায় বন বিভাগ বেশ কয়েকটি ঘটনায় জড়িতদের আটক করতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘সুফল’ প্রকল্পের আওতায় গড়ে ওঠা বনভূমিও বর্তমানে হুমকির মুখে পড়েছে। পর্যাপ্ত তদারকির অভাবে এসব বাগানের একটি অংশ দখলের ঝুঁকিতে রয়েছে।

অভিযানে বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, আরাফাত মাহমুদসহ বন বিভাগের সদস্যরা অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুল ইসলাম বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সংকট দেখা দিলে অনেকেই জ্বালানির জন্য বনের দিকে ঝুঁকে পড়েন। আটক ২৬ জনকে ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ক্যাটাগরি