মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দেওয়া এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতাউর রহমান (১৫) উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্টের ব্লক-ডি/৮ এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ক্যাম্পে তাদের চায়ের দোকানে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ওই সময় তার বাবা দোকানের বাইরে ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে ছোট ভাই দোকানের পেছনের কক্ষে গিয়ে আতাউরকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি এনজিও পরিচালিত হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধা না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে আইসিইউ শয্যা না পাওয়ায় তাকে পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার কারণে অভিমান করে আতাউর রহমান আত্মহত্যার চেষ্টা করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় ফাঁস দেওয়ার ঘটনায় কিশোরটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি