টেকনাফে বাড়ির উঠান থেকে হুসাইন ড্রাইভার অপহরণের অভিযোগ
কক্সবাজারের টেকনাফ উপজেলার কচ্ছপিয়া এলাকায় হুসাইন ড্রাইভার (৩৫) নামে এক ব্যক্তিকে নিজ বাড়ির উঠান থেকে অপহরণের অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত হুসাইন ড্রাইভারের বাড়িতে হানা দেয়। এসময় তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবার ও স্বজনরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা জানান, অপহরণের বিষয়টি তারা অবগত হয়েছেন। তাদের ধারণা, পাহাড়ঘেঁষা দুর্গম এলাকায় বসতবাড়ি হওয়ায় দুর্বৃত্তরা সহজেই ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
অপহরণের পর থেকে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হুসাইন ড্রাইভারকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।