টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে চারজনকে অপহরণ করে মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজারে র্যাব-১৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ।
তিনি জানান, শুক্রবার (১৮ জুলাই) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগিখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাসেল এবং তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়।
মেজর মারুফ বলেন, গত ২৩ জুন অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে তাদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, গত ৩০ জুন পরিচালিত বিশেষ অভিযানে অপহৃত চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দায়ের হওয়া মামলার তদন্তে অপহরণে জড়িতদের শনাক্ত করা হয়। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার রাতের অভিযানে মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানিয়েছে, অপহরণকারী চক্রের পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।