বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

প্রাইভেটকারে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ মাদক কারবারি

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে কেরুনতলী এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “মাদকের ভয়াল বিস্তার থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি