বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফ সীমান্তে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্ত এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্রের সদস্য এবং তারা সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে র‌্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমারের একটি মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত থেকে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবার চালান নিয়ে দেশে প্রবেশকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্রগুলো নিয়মিত ইয়াবা বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এসব মাদক দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তরুণ সমাজকে বিপথগামী করার পাশাপাশি নানা ধরনের অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ কারণে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

ক্যাটাগরি