উখিয়ায় র্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তারকৃতরা হলেন—উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাঠাল বাগানপাড়া (পাতা বাড়ি) এলাকার নুরুল হাকিম (২৮), উত্তর পাতাবাড়ি পাড়া এলাকার মো. ইদ্রিস (৪৮) এবং মধুরছড়া পোলিয়াপাড়া এলাকার শামসুল আলম (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।