কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী নানা কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বুধবার সকাল ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। পরে পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কক্সবাজার জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এবং জুলাইযোদ্ধারাও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহীদদের স্মরণে আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, এবং জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান।
তিনি আরও বলেন, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।