কক্সবাজারে খাটের নিচ থেকে ১২০.৭ কেজি তামার তার উদ্ধার, নারী আটক
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে একটি বাড়ির খাটের নিচ থেকে ১২০ দশমিক ৭ কেজি বৈদ্যুতিক তামার তার উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় সাগরিকা নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালায়।
জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকার মফসেল (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে কাভারযুক্ত ও কাভারবিহীন মোট ১২০ দশমিক ৭ কেজি বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকামূলে তারগুলো জব্দ করে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, উদ্ধার করা তামার তারগুলো চোরাই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাই তার বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার অভিযোগে পশ্চিম নতুন বাহারছড়া এলাকার সাগরিকাকে আটক করা হয়।
এ ঘটনায় মফসেলকে পলাতক অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, আটক সাগরিকা ও পলাতক মফসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ তামার তার কোথা থেকে চুরি হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।