মোটরসাইকেলের চাকায় লুকানো ১৭ হাজার ইয়াবা উদ্ধার, চকরিয়ায় গ্রেপ্তার ১
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের জলদাশ পাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন রুপালি ও টিয়া রঙের একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি থামানোর পর চালক নুর মোহাম্মদ লিখনের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতরে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।
পরে তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলটির সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি করা হয়। এ সময় টায়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮টি পোটলা থেকে মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ জানিয়েছেন, কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভেতরে লুকিয়ে তিনি নিজের জেলা শরীয়তপুরে নিয়ে যাচ্ছিলেন।
চকরিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক পরিবহনে অভিনব কৌশল ব্যবহার করলেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।