ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকন বর্তমানে গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। ওই সময় দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্র থাকার তথ্যও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর বা উত্তোলন করা হতে পারে। এতে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।
এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য, তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।