বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।
অন্যদিকে নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি সংগঠনটির ভেতরে ও বাইরে আলোচনায় আসেন।
সংগঠন সূত্র জানায়, সদস্যদের প্রত্যক্ষ ভোটে নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী তিনি সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।
নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকার দিকে এগিয়ে নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা।