রাজনীতি

বিএনপির চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব নিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই পদে আসীন করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দলের গঠনতন্ত্রের বিধান অনুসারেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে পরিচিত। জরুরি এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পরে বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই প্রেক্ষাপটে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয় এবং সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন।

ক্যাটাগরি