রাজনীতি

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমির খসরু

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো নয়, বরং জনগণকে শক্তিশালী হতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশের যেকোনো অঞ্চলে গিয়ে কাজ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কেউ কোথাও বহিরাগত নন। তিনি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “আপনারা ভাববেন না যে সাময়িক কারণে এখানে এসেছেন। এ দেশ আপনাদের। ইচ্ছা হলে এখানেই স্থায়ী হবেন, বাড়ি করবেন। পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।”

তিনি বলেন, চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিএনপি বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই আপনারা কাউন্সিলর হবেন, এমপি হবেন, এমনকি মন্ত্রী হবেন। সমাজের প্রতিটি স্তরে আপনাদের নেতৃত্ব দেখতে চাই।”

নারীদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে জনগণের ক্ষতি হয়। প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। বিশেষ করে নারীদের আরও বেশি করে নেতৃত্বে আসতে হবে।”

পার্বত্য অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, “আপনাদের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটা নষ্ট হতে দেওয়া যাবে না। রংধনুর মতো নানা সংস্কৃতির সমন্বয়েই বাংলাদেশ। এই বৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই আমরা।”

অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি