রাজনীতি

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যার প্রকৃত মালিক হবে জনগণ। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে গণতন্ত্রকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যেন আর কখনো গুমের ঘটনা না ঘটে, কোনো মা যেন সন্তান হারানোর বেদনা না পায়-বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের মর্যাদা দিতে হবে।

তিনি বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ বিএনপিকেই ভোট দেবে। অন্য দলগুলোও তাদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবে, আর জনগণ যাকে চাইবে তাকেই ভোট দেবে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

নিজের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি জনগণের সঙ্গে আছেন। ২০০৮ সালে কারাবন্দি থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি, তখন তাঁর স্ত্রী হাসিনা আহমদকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, যা তাদের পরিবারের জন্য আজীবন কৃতজ্ঞতার বিষয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।

ক্যাটাগরি