রাজনীতি

২ ফেব্রুয়ারি নির্বাচনি সফরে কক্সবাজার আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে নির্বাচনি সফরে আসছেন। সফরকালে তিনি একাধিক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় তিনি কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। এরপর সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার বাহারছড়া গোলচত্বর মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।

একই দিন সকাল ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। পরে বেলা ২টায় তিনি সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম বন্দরের বন্দর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

ক্যাটাগরি