কক্সবাজার জেলা

মহেশখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরে চাপা পড়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের বদরখালীতে সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালেদ বিন ওয়ালিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ফাজিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আলমগীর ফরিদ–এর গাড়িবহরের পেছনে থাকা তিন নম্বর গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়।

গাড়িবহরে থাকা তারেক রহমান নামের একজন জানান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলমগীর ফরিদ নির্বাচনের পর তার এলাকা কুতুবদিয়া সফর শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে এ সময় উত্তেজিত জনতা বহরের একটি গাড়ি ভাঙচুর করে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মহেশখালী থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এমপির ব্যক্তিগত গাড়িতে নয়, তার বহরে থাকা একটি গাড়ির ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত খালেদ বিন ওয়ালিদ বদরখালীর আহমদ কবিরের ঘাটা সংলগ্ন তেচ্ছিপাড়া এলাকার প্রবাসী আমানুল ইসলাম ও সুমাইয়া দম্পতির সন্তান। তিনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি