কক্সবাজার জেলা

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ৬ বিদেশি ৩ দিনের রিমান্ডে

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান বলেন, আসামিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত এবং জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সাইবার অপরাধের সত্যতা উদ্‌ঘাটন যেমন জরুরি, তেমনি তারা পর্যটন বা অন্য কোনো বৈধ কাজে বাংলাদেশে এসে থাকলে তাদের আইনি সুযোগও বিবেচনা করা প্রয়োজন। অন্যথায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে ছয় বিদেশিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে সাইবার অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) গ্রহণ করে।

ক্যাটাগরি