কক্সবাজার জেলা

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সিমেন্ট-খাদ্যদ্রব্য জব্দ, আটক ১৯

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য জব্দসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টার দিকে ‘অপারেশন কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে-১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক।

এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সমুদ্রসীমায় পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি