শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চারজন আটক, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকেই চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) এবং ইসমত আরা (৩৮)।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে এবং তাদের দেখানো মতে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ১টি হাইয়েস গাড়ি, ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রামদা এবং ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ক্যাটাগরি