টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মাদক পাচারকালে প্রায় ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বোট থেকে একটি বস্তা সমুদ্রে ফেলে দেওয়া হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তাতে গাঁজা দেখতে পান এবং বোটটিকে ধাওয়া করে আটক করেন।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা।
এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”