প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “রামুতে অবৈধ মাটি কাটায় বাধা দিয়ে বিপাকে ফতেখারকুল ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, তুলে ধরলেন আসল রহস্য” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে আমার সম্পর্কে যে বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে আমি মনে করি।
প্রকৃতপক্ষে, ফতেখারকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন আমার কাছে প্রস্তাব রাখে আমি যেন তার সাথে বসে লাভের অংশ ভাগ করি । আমি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করায় তিনি নিজের অবস্থানকে আড়াল করতে এবং জনমনে ভিন্ন ধারণা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলে আমার বিশ্বাস।
এছাড়া, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন নিজেই দীর্ঘদিন ধরে অবৈধ মাটি কাটা ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়ভাবে পরিচিত। সেই বাস্তবতা আড়াল করতেই তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন।
আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।
জনসাধারণকে বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
জসিম উদ্দিন
ব্যবসায়ী
ফতেখাঁরকুল ইউনিয়ন, রামু, কক্সবাজার।