টেকনাফে মানবপাচার মামলার ৫ ভিকটিম উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
কক্সবাজারের টেকনাফে মানবপাচার মামলার পাঁচ ভিকটিমকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু-কিশোরও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানায় দায়ের হওয়া একটি মানবপাচার মামলার সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
মামলাটি মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারায় দায়ের করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মোরশেদ আলম, এএসআই সুকান্ত পাল এবং সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে ভিকটিমদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।
উদ্ধারকৃতরা হলেন- ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোসেন (১৪), হেফাজ উদ্দিন শিপাত (২৩) এবং মো. নুরুল আমিন (২৭)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযানের পর শিশু-কিশোরসহ সকল ভিকটিমকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানা সূত্রে আরও জানা যায়, মানবপাচারের সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মানবপাচার একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।