বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

শীলখালী চেকপোস্টে ২৫০ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি মো. রাকিব (২৫)। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার মাদরা গ্রামের বাসিন্দা রশিদ খলিফার ছেলে।

সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সিএনজির পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার পকেটে থাকা টিস্যু প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাকিব স্বীকার করেন যে, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, এ ঘটনায় ব্যবহৃত সিএনজিটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

ক্যাটাগরি