মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

বন্যার্তদের জন্য সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, মাতামুহুরীতে বিনামূল্যে চিকিৎসা

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ ১ হাজার ৫১০ জন বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে বিএমচর ইউনিয়নের বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীন জানান, সাম্প্রতিক বন্যায় বিএমচর ইউনিয়নের ছৈন্নাম্মাঘোনা এলাকার প্রায় ৯০ শতাংশ বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
তিনি আরও জানান, অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যসচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। এ ধরনের মানবিক উদ্যোগ বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি