বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিফাত হাসান জয় (২২) নামে এক ওয়াই-ফাই লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত হাসান জয় পেকুয়া উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়াই-ফাই লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও ইন্টারনেট লাইনের রক্ষণাবেক্ষণের কাজে বের হন রিফাত। ভোলাইয়্যাঘোনা রাস্তার মাথা এলাকায় একটি খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি খুঁটি থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বদিউল আলম বলেন, “আমার মেয়ের জামাই আবদুল করিমের সঙ্গে রিফাত ওয়াই-ফাই লাইনের কাজ করত। কাজ করার সময় দুর্ঘটনায় আমার ছেলের মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই লাইনম্যানের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি