এসএসসিতে নাপোড়ার পূজা পালের সাফল্য: স্বপ্ন উচ্চশিক্ষার
সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাঁশখালী উপজেলার নাপোড়ার মেয়ে পূজা পাল। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ৪.৬৭ পয়েন্ট অর্জন করেছে।
পূজা পাল নাপোড়ার শুকলা ও শেখর পাল দম্পতির জ্যেষ্ঠ মেয়ে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। পড়াশোনার প্রতি নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন ও পরিবারের অনুপ্রেরণাই তার এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন স্বজনরা।
ফলাফল প্রকাশের পর পূজার সাফল্যের খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। পরিবারের সদস্যরা জানান, পূজার এই ফলাফল তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চায় সে।
পূজা পাল ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে চায়। তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা এবং সবার দোয়া কামনা করেছে সে।
পূজার বড় মামা সাংবাদিক বাবলু দে তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, পূজার অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে সে যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজের স্বপ্নের শিখরে পৌঁছাতে পারে এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে, এ জন্য তিনি তার পরিবার এবং সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।
পরিবারের সদস্যরা আশা করছেন, পূজা তার মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।