মেরিন ড্রাইভে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, সাতকানিয়ার জাবেদ নিহত
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মো. জাবেদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা তানভীর (২০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার শামসু ইসলামের ছেলে। আহত তানভীরও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রমণ শেষে জাবেদ, তানভীরসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে টেকনাফের দিকে যাচ্ছিলেন। মাদারবুনিয়া এলাকায় পৌঁছালে একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে জাবেদ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহত তানভীরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও নম্বরবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।