শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

গোসলে নেমে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় সাইফ উল্লাহ (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু ইমতিয়াজ (৯) এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাইফ উল্লাহ ও ইমতিয়াজ একসঙ্গে পালংখালী খালে মাছ ধরতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা খালের পাড়ে সাইফ উল্লাহকে অচেতন ও ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে তাকে উদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফ উল্লাহ ২১ নম্বর ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুবাইরের ছেলে। নিখোঁজ ইমতিয়াজ একই ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা রাবিয়ার ছেলে।

ইমতিয়াজের সন্ধানে এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। উখিয়া ৮ এপিবিএনের এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই অভিযান শুরু হয়েছে। খালের পানির স্রোত বেশি থাকায় উদ্ধারকাজ কিছুটা কঠিন হয়ে পড়েছে।

ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

ক্যাটাগরি