পেকুয়া-কুতুবদিয়ায় দ্রুত সংস্কার হবে বেড়িবাঁধ: পানি সম্পদ প্রতিমন্ত্রী
কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব এলাকার ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করেন তিনি।
সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধ পরিদর্শনের মধ্য দিয়ে সফর শুরু করেন প্রতিমন্ত্রী। পরে সকাল ১০টার দিকে কুতুবদিয়া দ্বীপের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ পরিদর্শন করেন। দুপুরে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা ও সোনালী বাজার এলাকার স্লুইসগেটও পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেটের বর্তমান অবস্থা তুলে ধরেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন আজাদ বলেন, যেখানে সংস্কার প্রয়োজন সেখানে সংস্কার এবং যেখানে পুনর্নির্মাণ প্রয়োজন সেখানে পুনর্নির্মাণ করা হবে। দ্রুত এসব কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে পেকুয়া-কুতুবদিয়ার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে টেকসই বেড়িবাঁধ ও কার্যকর স্লুইসগেট গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বেড়িবাঁধ ও স্লুইসগেট কার্যকর থাকলে উপকূলের মানুষ লবণ ও মৎস্য চাষসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন। এ কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ্জুল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সফরসূচি অনুযায়ী কুতুবদিয়ায় পোল্ডার-৭১ এলাকায় টেকসই ‘সুপার ডাইক’ নির্মাণ প্রকল্প পরিদর্শনের কথাও জানানো হয়েছিল। প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রায় ৬ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ রয়েছে।