সদর উপজেলা

কক্সবাজার সদর থানার অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৫

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে চোর, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক সেবনের অভিযোগে দুজন, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয়জন রয়েছেন।

চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার তিনজন হলেন সাগরিকা, তুহিন ও মেজবাহ উদ্দিন। তাদের মধ্যে সাগরিকার কাছ থেকে ১২০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চৌফলদণ্ডী ইউনিয়ন থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের অভিযোগে খুরুশকুল এলাকা থেকে আফছার ও বেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন মো. তুষার ইমরান, আব্দুল হামিদ ও মোহাম্মদ জলিল তালুকদার।

এদিকে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ছয় আসামি হলেন মোহাম্মদ শফিক, নুর আনা, মো. রায়হান ওরফে ডাকু রায়হান, মোহাম্মদ ছৈয়দ, মো. জাহেদ হোসেন ও আবুল কাশেম।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি