কক্সবাজারে চোরাই পাইপ-ফিটিংসসহ ভাঙারি দোকানের কর্মচারী গ্রেপ্তার
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে চোরাই পাইপ-ফিটিংস, প্লাস্টিক ফিটিংস ও প্লাস্টিকের কভার তারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন সোহেলের ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। কক্সবাজার সদর থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম সজীব (২৬)। তিনি কেরানীগঞ্জের দক্ষিণ সুবাড্ডা এলাকার পারভেজ আলীর ছেলে। বর্তমানে তিনি ওই ভাঙারি দোকানে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় সজীবের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে বিপুল পরিমাণ পাইপ-ফিটিংস, প্লাস্টিক ফিটিংস এবং প্রায় ১৪ কেজি ওজনের প্লাস্টিকের কভার তার উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভাঙারি দোকানে চোরাই মালামাল কেনাবেচার অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
এ ঘটনায় গ্রেপ্তার সজীবের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।