মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের স্কুলছাত্রীর
কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ইজিবাইক পেছন থেকে আয়াতকে ধাক্কা দেয়। এতে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়াত আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হয় শিশুটি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, মহেশখালীতে অপ্রাপ্তবয়স্ক ও মাদকাসক্ত চালকেরা ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালাচ্ছেন। প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটলেও তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে জানতে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আয়াতের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।