আর্ন্তজাতিক

আইসিজে রায়- পাঁচ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে

মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে পাঁচ বছরের কম বয়সী ২ হাজার ১০৯ রোহিঙ্গা শিশুর নিহত হওয়ার তথ্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুলে ধরা হয়েছে। আদালতে উপস্থাপিত প্রমাণ ও পর্যবেক্ষণে শিশুদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে উঠে এসেছে। বিচারপতি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্য ছিল এমন জোরালো প্রমাণ রয়েছে।

বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়েছে, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা, নাগরিকত্ব থেকে বঞ্চিত করা, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো এবং পরিকল্পিতভাবে জনগোষ্ঠীটিকে লক্ষ্যবস্তু করার মতো ঘটনা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর এলাকাভিত্তিক অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘর ও গ্রাম আক্রান্ত হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

হেগের আদালতে যখন রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার এসব তথ্য উঠে আসছে, তখন কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থীশিবিরগুলোতে রায় দেখছেন হাজারো রোহিঙ্গা। কারও চোখে পানি, কেউ দুহাত তুলে মোনাজাত করছেন। তাঁদের প্রার্থনা,দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক, নিরাপদে যেন ফিরতে পারেন নিজ দেশে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ প্রায় সব শিবিরেই আইসিজের রায় সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। বিভিন্ন স্থানে একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেন রোহিঙ্গা নারী-পুরুষ। কোথাও রায় দেখার পাশাপাশি মোনাজাত করছেন তাঁরা, কোথাও চোখের পানি ধরে রাখতে পারছেন না। আল্লাহর কাছে তাঁদের একটাই আকুতি—ন্যায়বিচারের পাশাপাশি যেন নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়।

আদালতে উপস্থাপিত তথ্যে শিশু হত্যার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সেখানে বলা হয়েছে, চিকিৎসা সংস্থা মেডিসিনস সঁস ফ্রন্তিয়ের (এমএসএফ) বা ডক্টরস উইদাউট বর্ডার্সের হিসাব অনুযায়ী, মিয়ানমারের সামরিক অভিযানের সময় এবং বাংলাদেশে পালিয়ে আসার পথে পাঁচ বছরের কম বয়সী ৭৩৪ থেকে ২ হাজার ১০৯ জন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের লক্ষ্যবস্তু করার বিষয়টি তুলে ধরে বিচারপতি বলেন, একটি জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার মধ্য দিয়ে সেই জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করার উদ্দেশ্যও প্রতিফলিত হতে পারে।

বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, শিশু হত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নাগরিকত্ব থেকে বঞ্চিত করা, বিদ্বেষমূলক বক্তব্য এবং রোহিঙ্গাদের বিশেষভাবে লক্ষ্যবস্তু করার ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে নয়, সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। এসব তথ্য একত্রে মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার উদ্দেশ্যের জোরালো ইঙ্গিত দেয়।

রোহিঙ্গাদের কাছে এই বিচারপ্রক্রিয়া শুধু একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানোর বেদনা। তাই আদালতের প্রতিটি পর্যবেক্ষণ তাঁদের কাছে অতীতের নির্যাতনের স্বীকৃতি এবং ভবিষ্যতে নিজ দেশে ফেরার প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত।

দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

ক্যাটাগরি