আর্ন্তজাতিক

আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার নির্দেশ আন্তর্জাতিক আদালতের

বাংলাদেশে আশ্রয় নেওয়া রাখাইনের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন এবং ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে গৃহীত পদক্ষেপ জানাতে মিয়ানমারকে দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন।

রায়ে আদালত বলেছেন, মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এ অপরাধের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ বাসস্থানে ফিরিয়ে নেওয়া, পরিবার পুনর্মিলনের সুযোগ তৈরি এবং অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

আদালতের নির্দেশ বাস্তবায়নে আগামী দুই বছরের মধ্যে প্রত্যাবাসন ও পুনর্বাসনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণের বিষয়ে কী প্রস্তাব তৈরি করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আইসিজেতে জমা দিতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, শিশুদের ওপর যৌন ও অন্যান্য গুরুতর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও তুলে ধরা হয়।

রায় ঘোষণার সময় আইসিজের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের নিজ বাসস্থানে প্রত্যাবর্তন এবং পরিবারের পুনর্মিলনের ব্যবস্থা রাষ্ট্রকে অবশ্যই করতে হবে।’

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রত্যাবাসন ও পুনর্বাসনের পাশাপাশি যেসব ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব নয়, সেসবের জন্যও রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। এসব বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি জানিয়ে আগামী দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে মিয়ানমারকে।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যাপক দমন-পীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিচার চেয়ে ২০১৯ সালের নভেম্বরে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। দীর্ঘ সাত বছরের আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে বৃহস্পতিবার মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।

ক্যাটাগরি