ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
রিজভী বলেন, বিএনপিই পারে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। তাদের অঙ্গীকার কোনও ফাঁপা প্রতিশ্রুতি নয় বলেও দাবি করেন তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রায় শতভাগই বিএনপির হাত ধরে এসেছে। তিনি আরও বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তা মেনে নেবে না।
সভায় সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এই ধারাবাহিক সভা শুরু হয়।