বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

রাজধানীতে আমান উল্লাহর সঙ্গে মিল্টন খন্দকার, মনির খান ও এসকে লিটনের সৌজন্য সাক্ষাৎ

ছবি: কক্সবাজার সংবাদ

দেশের কিংবদন্তি গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান এবং সাংবাদিক এসকে লিটন কুতুবীর সঙ্গে সঙ্গে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক কক্সবাজার সংবাদ-এর সম্পাদক এবং স্টুডিও সুর সমুদ্র-এর কর্ণধার, গীতিকার ও সুরকার আমান উল্লাহ।

রাজধানীতে এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ছিল সংগীত, গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিত্বদের এক আন্তরিক মিলনমেলা।

সাক্ষাৎকালীন সময়ে তারা বাংলাদেশের সংগীতের বর্তমান ধারা, পরিবর্তিত মিডিয়া পরিবেশ, নতুন প্রজন্মের শিল্পীদের পথচলা ও সংগীত শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

মিল্টন খন্দকার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে সংগীত–সৃজনের নানা দিক তুলে ধরেন, পাশাপাশি মনির খান আধুনিক সংগীতায়োজন ও শিল্পীদের পেশাগত চ্যালেঞ্জের বিষয়ে মতামত শেয়ার করেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে এসকে লিটন কুতুবী সংগীত প্রচার, আঞ্চলিক প্রতিভা তুলে আনা এবং মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

আমান উল্লাহ বলেন, দেশের সংগীত অঙ্গনের এমন অভিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি স্টুডিও সুর সমুদ্রের মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কার, মানসম্মত গান সৃষ্টি ও আধুনিক সংগীতায়নের কাজ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনায় ভবিষ্যতে যৌথভাবে কিছু সৃজনশীল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করতে এবং শ্রোতাদের মাঝে নতুনধারার গান পৌঁছে দিতে সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

ঢাকায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ সংগীত-সংস্কৃতির অগ্রযাত্রায় ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যাটাগরি