তারেক রহমানের আগমন: সময় নির্ধারিত ২৫ তারিখ দুপুর ১২টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে দলের একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক এবং এই উপলক্ষে মানুষের উপস্থিতিও হবে স্মরণীয়। তিনি জানান, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন—যিনি দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যাকে দেশের জনগণ আগামী দিনের নেতৃত্ব হিসেবে দেখতে আগ্রহী।
সংবর্ধনার স্থান নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণ তাকে এক নজর দেখার এবং কথা শোনার জন্য উন্মুখ,এ বিষয়টি বিবেচনায় রেখেই সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করা হচ্ছে। তবে একই সঙ্গে জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা দ্রুত জানানো হবে বলে তিনি জানান।