‘আই হ্যাভ এ প্ল্যান’—শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির সঙ্গে নিজের রাজনৈতিক অঙ্গীকারের তুলনা টেনে বলেছেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন—আই হ্যাভ এ ড্রিম। তেমনি আমিও বলছি—আই হ্যাভ এ প্ল্যান।”
রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে দলের নেতাকর্মীসহ দেশের প্রতিটি মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে ঐক্য, সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ওপর। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্য ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর তার প্রকাশ্য বক্তব্যে বিএনপি ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর ভবিষ্যৎ কৌশল ও দিকনির্দেশনা স্পষ্ট হয়ে ওঠে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।