রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি-৪ রাইফেলের গুলিসহ ছয় রোহিঙ্গা গ্রেফতার
রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জি-৪ রাইফেলের দুই রাউন্ড গুলিসহ ছয়জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুনিয়াপালংয়ের পাইন বাগান এলাকায় রামু–মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশির সময় মোহাম্মদ আলম (৩৫) নামের এক যাত্রীর পকেট থেকে জি-৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা অপর পাঁচ যাত্রীকেও আটক করা হয়। গ্রেফতারকৃত সবাই বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিক বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই-২ এর বাসিন্দা শাহআলমের ছেলে মোহাম্মদ আলম, কুতুপালং ১ পূর্ব ক্যাম্পের ডি-১১ ব্লকের মোহাম্মদ বদরের ছেলে এনায়েতুর রহমান, একই ক্যাম্পের ই-২ ব্লকের শামসুল আলমের ছেলে নবী হোছন, আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ রফিক, ৬ নম্বর ক্যাম্পের ব্লক ডি-২ এর জাহেদ হোছনের ছেলে মোহাম্মদ আমিন এবং টেকনাফ লেদার ক্যাম্প-২৪ এর পুরাতন ডি ব্লকের মৃত আমান উল্লাহর ছেলে খায়ের হোছন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অবৈধ অস্ত্র ও গুলি বহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।