কুতুবদিয়া সৈকতে বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মরদেহ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সমুদ্র সৈকতে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বিরল প্রজাতির অসংখ্য সামুদ্রিক কচ্ছপের মৃতদেহ। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বড়ঘোপ সমুদ্র সৈকতের মূল স্থান থেকে দক্ষিণে মাতবরপাড়া মসজিদের পশ্চিম সংলগ্ন এলাকায় এসব মৃত কচ্ছপের উপস্থিতি নজরে আসে।
কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শরীফ মোহাম্মদ তোহা জানান, ওই এলাকায় অন্তত পাঁচটি বড় আকারের মৃত কচ্ছপ দেখা গেছে। তার ধারণা, ডিম পাড়তে তীরে ওঠার সময় জেলেদের জাল ও নৌকার আঘাত এবং সৈকতে থাকা কুকুরের আক্রমণে কচ্ছপগুলোর মৃত্যু হতে পারে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দ্বীপের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত সৈকতজুড়ে অন্তত ১৫ থেকে ২০টি মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা গেছে। ডিম পাড়তে আসা কচ্ছপদের নিরাপত্তায় সৈকত এলাকা থেকে কুকুর বিতাড়নের দাবি জানিয়েছেন তারা।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক ইলিয়াস আলী ও আমজাদ হোসেন জানান, কুকুরের মৃত কচ্ছপ খাওয়ার কারণে সৈকতে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
এ বিষয়ে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন বলেন, পর্যটকদের সুবিধা ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিষয়টি খোঁজখবর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।