কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে ভাইয়ের হাতে বোন খুন, ঘাতক আটক
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তপসী দাশ (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (সকাল সাড়ে ১১টা) আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তপসী দাশ ওই এলাকার প্রবাদ দাশের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় তপসী দাশ নিজ ঘরে কাজ করছিলেন। হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাশ ঘরে প্রবেশ করে কোনো কথা না বলেই তাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তপসী দাশকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর কুতুবদিয়া থেকে পালানোর সময় বড়ঘোপ স্টিমারঘাট এলাকা থেকে স্থানীয়রা ঘাতক কালীচরণ দাশকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ব্যক্তি একই এলাকার শুকুর জল দাশের ছেলে এবং নিহত তপসী দাশের আপন চাচাতো ভাই।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত কালীচরণ দাশকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।