ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন কমিটি ঘোষণা
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
সমাবেশের আগে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন।