রামুর গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড় থেকে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন রামু ও ঈদগড় থানার পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি রাইফেলের গুলি, চারটি শর্টগানের খালি খোসা, দুটি বন্দুকের বাট, তিনটি ট্রিগার বক্স, ছয়টি পাইপ (বন্দুকের নল হিসেবে ব্যবহার), তিনটি বন্দুক তৈরির যোগান, একটি হাওয়ার মেশিন, দুটি বাটাল, পাঁচটি আড়ি ব্লেড ও একটি আড়ি ব্লেডের ফ্রেম, একটি করাত, একটি হাতুড়ি, একটি প্লাস, সাতটি ছোট-বড় রেথ, একটি শান দেওয়ার মেশিন, একটি বানান নালীসহ আরও অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম।
অলক বিশ্বাস বলেন, “এখন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”