শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

১৮ জানুয়ারি পেকুয়ায় আসছেন তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারের পেকুয়া সফরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কক্সবাজারের জুলাই যোদ্ধা শাহিদুল ওয়াহিদ শাহেদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, “সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশনায়ক তারেক রহমান।” তার এই পোস্টের পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সফরটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর তিনশ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষের ঢল নামে। দেশে ফেরার পর থেকেই তার ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ক্যাটাগরি