কক্সবাজারে নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালীর বশির আলমের ছেলে বোটের মাঝি এহসান এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেডু। তবে এখনো নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গে থাকা অমজাখালীর মাহামুল করিমের ছেলে কিশোর ফয়সাল।
বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের আমজাখালির বাসিন্দা মো. কামাল সওদাগর জানান, বৃহস্পতিবার সাগরে মাছ ধরার সময় নোঙরের সঙ্গে আটকে গিয়ে বোটটি ডুবে যায়। বোটে থাকা আট জেলের মধ্যে পাঁচজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। পরে ওই এলাকা থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয় এবং এখনো একজনকে উদ্ধারের জন্য তল্লাশি চলছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।