বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে গুলিবিদ্ধ শিশু চমেকের আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশু আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তার চাচা মোহাম্মদ শওকত।

তিনি জানান, আফনানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। কিছু সময় সে হাত-পা নড়াচড়া করছিল, তবে অবস্থা নিয়ে পরিবার চরম উদ্বেগে রয়েছে।

আফনানের বাবা জসিম বলেন, সকালে তার মেয়ে দোকানে নাস্তা দিতে গিয়েছিল। এ সময় হঠাৎ করে কানে গুলি এসে লাগে। স্থানীয় লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। মেয়ের বর্তমান অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন বলে জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি এসে আফনানের গায়ে লাগে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কক্সবাজার–টেকনাফ মহাসড়কের তেচ্ছিব্রিজ এলাকায় স্থানীয়রা অবরোধ ও বিক্ষোভ শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় পরে অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে দুপুরে সীমান্তের ওপার থেকে পালিয়ে আসা মিয়ানমারের বিভিন্ন রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ সদস্যকে পুলিশ ও বিজিবি আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলায় পুরো সীমান্ত এলাকায় গোলাগুলি ও সহিংসতার ঘটনা ঘটছে। এতে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ক্যাটাগরি