পেকুয়ায় প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় কলেজছাত্রের আত্মহত্যা
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। সোমবার (রাত আনুমানিক সাড়ে ৩টা) উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আসিফ। তিনি একই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও কথাকাটাকাটি চলছিল। এরই মধ্যে সোমবার গভীর রাতে নিজ কক্ষে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়দের দাবি, আত্মহত্যার সময় তিনি প্রেমিকার সঙ্গে ভিডিও কলে ছিলেন।
নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ডাকার জন্য ছেলের রুমে যাই। দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখি, আমার ছেলে রশিতে ঝুলে আছে। আমার কলিজার ধন আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো?”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। আত্মহত্যার সঠিক কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরা নিহত শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।