রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

আগামী নির্বাচন বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী দিনে এমন একটি সংসদ বিনির্মাণ করা হবে, যেখানে শুধু নৃত্যগীত বা প্রশংসার স্তুতিবাক্য নয়, মানুষের প্রকৃত সমস্যা ও অধিকার নিয়ে কথা হবে এবং সেখানে কোনো ধরনের সন্ত্রাসীদের জায়গা থাকবে না।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার যেন লাইনচ্যুত হতে না পারে, সে জন্য শক্তিশালী ও কার্যকর সংসদ গঠন জরুরি। সংসদ হবে মানুষের উন্নয়ন, অধিকার ও কল্যাণের কথা বলার জায়গা। সেখানে বিরোধী মত থাকবে, বিতর্ক থাকবে এবং গণতন্ত্রের প্রকৃত চর্চা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পক্ষে কথা বলবেন, ব্যক্তিগত প্রশংসা বা দলীয় তোষামোদ সেখানে স্থান পাবে না। তিনি বলেন, একটি কার্যকর বিরোধী দল ছাড়া কোনো সংসদ গণতান্ত্রিক হতে পারে না, তাই আগামী সংসদে শক্তিশালী বিরোধী কণ্ঠ থাকা নিশ্চিত করতে হবে।

আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কোন পথে এগোবে। এটি শুধু সরকার গঠনের নির্বাচন নয়, এটি হবে মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার বাস্তবায়নের জন্য এই নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ক্যাটাগরি